তাৎক্ষনিক পরিদর্শনে চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী, দায়িত্ব অবহেলায় সিভিল সার্জনকে বদলির
চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান সরেজমিনে দেখতে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রোববার (৯ আগস্ট) সকালে জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার অভিযোগে সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের শারীরিক ও সেবার মান নিয়ে খোঁজখবর নেন তিনি। স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন মন্ত্রী।
পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকার দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে। একই সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্রুতই ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
পরিদর্শনকালে চাঁদপুর-০৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে যান। সেখানে হাসপাতালের সম্মেলনকক্ষে তত্ত্বাবধায়ক, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে সিভিল সার্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তবে র্যাবিস ভ্যাকসিনের সংকট নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল বলে মন্ত্রীকে জানানো হলে তিনি আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। একই সঙ্গে সিভিল সার্জনকে ক্ষমা করার কথা জানান তিনি।
এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন বলেন, ‘হাইমচরে র্যাবিসের টিকা শেষ হয়ে গিয়েছিল। এ জন্য স্যার একটু রাগ করেছিলেন।’
ফলে সকালে আকস্মিক পরিদর্শনে ক্ষোভ থেকে দেওয়া বদলির নির্দেশ দুপুরের বৈঠকেই প্রত্যাহার হয়ে যায়। প্রায় দুই ঘণ্টার ব্যবধানে স্বাস্থ্যমন্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
এসএএস
এসএএস