
সরকারি হাসপাতালে দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা। ই-অ্যাপয়েন্টমেন্টের ফলে রোগীদের হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর ভোগান্তি দূর হবে এবং ঘরে বসেই নির্দিষ্ট সময়ের সিরিয়াল নিশ্চিত করা যাবে। ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা সম্প্রসারণের জন্য দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের যৌথ উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চারটি হাসপাতালে পাইলট কার্যক্রমের সফলতার পর এখন ধাপে ধাপে দেশব্যাপী এই ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. খোরশেদ আলম, এনডিসি পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মদ আল মামুন, প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান এবং প্রকল্প কনসালট্যান্ট ও এমআইএসের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।
গ্লোবাল গেটওয়ের অধীনে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল এবং ই-গভর্ন্যান্স একাডেমির (ইগা) কারিগরি সহায়তায় পরিচালিত এই বিশেষ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।
এই সেবার মাধ্যমে রোগীরা ঘরে বসেই পছন্দমতো সময়ে আউটডোর টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যা হাসপাতালের ভিড় কমিয়ে সেবা প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করবে।